দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। আদালতের এ রায়কে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটের রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল না রেখে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার বহাল থাকছে।
গত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে অস্থায়ী বৈধ মর্যাদায় থাকা বা অনথিভুক্ত অভিবাসী বাবা-মায়ের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব না দেওয়ার উদ্যোগ নেন।
প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের নীতি ইংরেজি সাধারণ আইন, ১৮৬৮ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী এবং ১৮৯৮ সালের একটি ঐতিহাসিক রায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি বলেন, দীর্ঘদিনের আইনের ভিন্ন ব্যাখ্যা দেওয়ার পক্ষে ট্রাম্প প্রশাসন পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
রায়ে তিনি উল্লেখ করেন, চতুর্দশ সংশোধনীর প্রণেতারা ‘এই দেশে জন্ম নেওয়া প্রত্যেক স্বাধীন ব্যক্তির’ জন্য যে সাংবিধানিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আদালত আজও সেই প্রতিশ্রুতি বহাল রেখেছে।
রায়ের পরপরই ট্রাম্প কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, কংগ্রেস চাইলে আইন পাস করে জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম পরিবর্তন করতে পারে। যদিও এমন উদ্যোগের পক্ষে কংগ্রেসে পর্যাপ্ত রাজনৈতিক সমর্থন রয়েছে—এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
/অ